বিদেশ
img

বানে ধ্বংস গোটা স্কুল, গাছে উঠে বাঁচল শিশু

হড়পা বানের তাণ্ডবে চোখের সামনে মাটিতে মিশে গেল গোটা স্কুল। কিন্তু মৃত্যুর স্রোত থেকে গাছে উঠে প্রাণ বাঁচাল মাত্র আট বছরের জ়োয়াল ঘালে। বুধবার সকালে ভোটেকোশী নদীতে আচমকা হড়পা বান আসার সময় স্কুলেই ছিল জ়োয়াল এবং তার দাদা। মুহূর্তের মধ্যে জল-কাদার স্রোতে ভেসে যায় স্কুল বাড়ি ও আশপাশের এলাকা। প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে ছুটে গিয়ে একটি গাছে উঠে পড়ে ছোট্ট জ়োয়াল। পরে পুলিশ তাকে উদ্ধার করে নুয়াকোটের হাসপাতালে নিয়ে যায়। বানের তাণ্ডবে তার ডান পা ভেঙে যায়, শরীরে লাগে একাধিক আঘাত। এদিকে ছেলেকে খুঁজতে একের পর এক হাসপাতাল, মর্গ ও ত্রাণশিবিরে ঘুরছিলেন মা মাট্টি মায়া তামাং। প্রায় দু’দিন পর জানতে পারেন ছেলের খোঁজ। হাসপাতালে থাকা জ়োয়ালের বাঁ হাতের মুঠোয় ছিল দু’টি ১০ টাকার নোট। হাসপাতালে আসতেও প্রথমে রাজি হচ্ছিল না সে। পরে সাংবাদিকের উদ্যোগেই শুরু হয় তার চিকিৎসা। শেষ পর্যন্ত শুক্রবার কাঠমান্ডুতে গিয়ে ছেলেকে ফিরে পান মায়া। অন্য ছেলেরও খোঁজ মিলেছে বলে জানা গেছে ।