
সাতসকালে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন। ঘটনাটি তেলিয়ামুড়া বড়মুড়া পাহাড়ের বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায়। জানা যায়, আগরতলার দিক থেকে তেলিয়ামুড়াগামী একটি সুজুকি মারুতি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা দুই মহিলা এবং নির্মল চন্দ্র দাস নামে এক ব্যক্তি আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। দুই মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও নির্মল চন্দ্র দাসের অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রয়োজনে তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হতে পারে।