
উদয়পুরে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য। বন্ধের দিনকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে উদয়পুর খিলপাড়া ডাকঘরে হানা দেয় চোরের দল। ডাকঘরের দরজা ভেঙে নগদ লক্ষাধিক টাকা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরেরা। বৃহস্পতিবার সকালে কর্মী ননীগোপাল দাস ডাকঘর খুলতে এসে ভিতরে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হয়। হিসাব-নিকাশের পর প্রাথমিকভাবে কয়েক লক্ষাধিক টাকা সহ সামগ্রী চুরির বিষয়টি সামনে আসে। পরে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। চোরেরা কীভাবে ডাকঘরে প্রবেশ করল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।