
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আগরতলার তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত হলো বিশেষ কর্মসূচি। খেলো ইন্ডিয়ার মাধ্যমে দেশের ছাত্রছাত্রী ও খেলোয়াড়দের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বিদ্যালয়ের ছাত্রীরা। পাশাপাশি জাতীয় ও বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনকারী স্কুলের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুহেলি দেববর্মা বলেন, খেলো ইন্ডিয়া নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের কাছে নতুন দিশা দেখাচ্ছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার মাধ্যমে নেশামুক্ত সমাজ ও বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে এনএসএস প্রোগ্রাম অফিসার সোনালী চক্রবর্তী, এনএসএস অফিসার রাজু পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কৃতী খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।