
বর্ষার জল দ্রুত নিষ্কাশন এবং শহরের নালা-নর্দমা পরিষ্কার রাখতে বিশেষ উদ্যোগ নিল খোয়াই পৌর পরিষদ। শহরের বিভিন্ন এলাকার ড্রেন পরিষ্কারের জন্য আনা হয়েছে চারটি আধুনিক ড্রেন সাকশন ও জেটিং মেশিন। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে ড্রেন পরিষ্কারের কাজ। কাজের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা। সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। চেয়ারম্যান জানান, দীর্ঘদিন ধরে ড্রেনের ভিতরে জমে থাকা কাদা, পলি ও বিভিন্ন বর্জ্যের কারণে বর্ষায় শহরের বেশ কিছু এলাকায় জল নিষ্কাশনে সমস্যা তৈরি হয়। সেই সমস্যা দূর করতেই আধুনিক মেশিনের মাধ্যমে ড্রেন পরিষ্কারের এই উদ্যোগ নেওয়া হয়েছে।