
সর্বভারতীয় স্তরে নতুন দায়িত্ব নিয়ে রাজ্যে ফিরলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। ফেডারেশন অব প্রেস ক্লাবসের সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার আগরতলা বিমানবন্দরে পৌঁছান তিনি।রাজ্যে ফেরার পর আগরতলা বিমানবন্দরেই তাঁকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ সংবর্ধনা জানায় ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি। সংগঠনের সদস্যরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।নতুন দায়িত্ব প্রসঙ্গে প্রণব সরকার জানান, সাংবাদিকদের স্বার্থ, কল্যাণ, নিরাপত্তা এবং পেশাগত বিভিন্ন বিষয়কে সর্বভারতীয় স্তরে আরও জোরালোভাবে তুলে ধরাই হবে তাঁর অন্যতম লক্ষ্য। দেশের বিভিন্ন প্রান্তের প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনগুলির মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।তিনি বলেন, এই দায়িত্ব শুধু সম্মানের নয়, সাংবাদিক সমাজের প্রতি একটি বড় দায়িত্বও। আগামী দিনে সাংবাদিকদের কল্যাণে ফেডারেশন অব প্রেস ক্লাবসের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হবে।এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সদস্য সৌরজিত পাল, সমরেশ দে, মনীশ সাহা, রঞ্জিত দেববর্মা, দীপঙ্কর পাল-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সর্বভারতীয় পর্যায়ে প্রণব সরকারের এই নতুন দায়িত্বকে ত্রিপুরার সাংবাদিক সমাজের জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংগঠনের সদস্যরা।