
চড়িলাম এলাকায় অশান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। নিজেকে ইসকন সাধু দাবি করা জয়ন্ত দত্ত ওরফে জনার্দন গোবিন্দ দাসের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে চড়িলাম বাজার ব্যবসায়ী সমিতি ও ঝুলন উৎসব কমিটি। অভিযোগ, শুক্রবার চড়িলাম বাজারের ব্যবসায়ী এবং উৎসব কমিটির সঙ্গে বিবাদে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়। পাশাপাশি, বিষয়টির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের নাম জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগও উঠেছে। ঘটনার প্রতিবাদে শনিবার সাংবাদিক সম্মেলন করে নিজেদের বক্তব্য তুলে ধরেন চড়িলাম বাজারের ব্যবসায়ী সমিতি ও ঝুলন উৎসব কমিটির সদস্যরা। তাঁদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তবে অভিযুক্ত জয়ন্ত দত্ত ওরফে জনার্দন গোবিন্দ দাসের বক্তব্য এই প্রতিবেদনের সময় পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা তদন্তসাপেক্ষ।