ত্রিপুরা
img

খোয়াইয়ে জেলা ভিত্তিক বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা

ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রসারে খোয়াইয়ে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা। মঙ্গলবার খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়। উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, সমাজসেবী রঞ্জন দাস, জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেববর্মা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দেববর্মা-সহ অন্যান্যরা। আলোচনা সভায় বিজ্ঞান শিক্ষার গুরুত্ব, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রয়োগ এবং শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী ও অনুসন্ধিৎসু মনোভাব গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পাঠ্যবইয়ের বাইরে বাস্তব জীবনের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক বোঝার ওপর গুরুত্ব দেওয়া হয়। খোয়াই জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশ নেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান উপস্থিত অতিথিরা।