
আগরতলা শহরজুড়ে নিত্যদিনের যানজটে নাজেহাল নগরবাসী। অফিস-আদালত কিংবা স্কুল-কলেজ—যথাসময়ে পৌঁছানো যেন এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যামে আটকে থেকে ক্ষোভ বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে। অবশেষে শহরের যানজট নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ গ্রহণ করল ট্রাফিক দপ্তর।মঙ্গলবার সকালে আগরতলা শহরের উত্তর গেট সংলগ্ন এলাকায় ট্রাফিক ডিএসপি প্রণব দাসের নেতৃত্বে পরিচালিত হয় এক বিশেষ অভিযান। দপ্তরের কর্মী ও পুলিশ বাহিনী মাঠে নেমে শহরের বহিরাগত অবৈধ ইলেকট্রিক অটো ও ই-রিকশার বিরুদ্ধে এই অভিযান চালায়।নিয়ম অনুযায়ী, শহর এলাকার বাইরে চলাচলের পারমিটপ্রাপ্ত ইলেকট্রিক অটো বা ই-রিকশাগুলি শহরের মূল রাস্তায় যাত্রী পরিবহন করতে পারে না। শুধুমাত্র জরুরি চিকিৎসা কিংবা বিশেষ রিজার্ভের মতো ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া, বহিরাগত অটো চলাচলে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। কিন্তু অভিযোগ উঠছিল, বিগত কিছুদিন ধরে নিয়ম তোয়াক্কা না করেই বহিরাগত এই ই-রিকশাগুলি শহরজুড়ে অবাধে চলাচল করছিল, যা যানজট বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।মঙ্গলবার ট্রাফিক দপ্তরের এই অভিযানের পর থেকে বেআইনি পারমিটহীন অটোচালকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। ট্রাফিক পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—শহরের ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং যানজট মুক্ত আগরতলা গড়ে তুলতে এই ধরনের ঝটিকা অভিযান আগামী দিনেও জারি থাকবে।"