
নিস্তব্ধ রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে আগরতলা শহরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা! গভীর রাতে এক তরুণী গৃহবধূকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে শারীরিক নির্যাতন এবং ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র আগরতলা জুড়ে। সংবাদপত্র 'দৈনিক সংগ্রাম'-এ প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে এই চাঞ্চল্যকর তথ্য। রাত তখন গভীর, চারপাশ একদম নিস্তব্ধ। ঠিক সেই সময়েই আগরতলার কলেজটিলা এলাকায় ওত পেতে ছিল অপরাধের কালো ছায়া। অভিযোগ অনুযায়ী, একটি সাদা গাড়িতে করে আসা কয়েকজন দুষ্কৃতী অঘটনটি ঘটায়। গাড়ির নম্বর গোপন রেখে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় ওই তরুণী গৃহবধূকে।নির্জন স্থানে নিয়ে গিয়ে চালানো হয় পৈশাচিক শারীরিক নির্যাতন। শুধু তা-ই নয়, ঘটনার ভয়াবহতা আরও বাড়ে যখন নির্যাতিতার স্বামীর মোবাইলে ফোন করে দাবি করা হয় ১০ লক্ষ টাকা মুক্তিপণ! লুট করে নেওয়া হয় বধূর সোনার গহনাও। পরবর্তীতে এক নির্জন জায়গায় তাঁকে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা।তবে চরম মানসিক ও শারীরিক বিপর্যয় সত্ত্বেও সাহস হারাননি ওই বধূ। তিনি সরাসরি মহিলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং শহরের নিরাপত্তা ও নারী সুরক্ষা নিয়ে ফের উঠে গেছে বড়সর প্রশ্ন চিহ্ন!