
সাব্রুমে চালক সংঘের কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলনে নামলেন পরিবহন শ্রমিকরা। তহবিলের হিসেব না দেওয়া, একতরফা সিদ্ধান্ত এবং বিশ্বকর্মা পূজার বৈঠক না করার অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই বন্ধ হয়ে যায় বাস ও ছোট গাড়ি পরিষেবা। আন্দোলনের জেরে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ তিন থেকে চার বছর ধরে সংঘের তহবিলে জমা থাকা শ্রমিকদের অর্থের সঠিক হিসেব দেওয়া হচ্ছে না।তাঁদের আরও অভিযোগ, সামনে বিশ্বকর্মা পূজা। অথচ পূজার প্রস্তুতি এবং তহবিলের হিসেব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা থাকলেও সেই বৈঠক ডাকা হচ্ছে না।তাঁদের দাবি, আগে ১০ টাকা থাকা ছাড়পত্রের ফি বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। পাশাপাশি সংঘের অফিসে কর্মরত তিনজন কর্মচারীকেও নিয়মিত বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।এই সমস্ত অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার সকালেই সংঘের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন চালকরা।আন্দোলনের জেরে আগরতলা থেকে সাব্রুমগামী এবং সাব্রুম থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বড় বাস ও ছোট মালবাহী গাড়ির পরিষেবাও কার্যত বন্ধ হয়ে যায়।দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কথাও জানানো হয়েছে।