
সিপাহীজলা জেলার সোনামুড়ায় নেশাবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পুলিশ ও বিএসএফের।
গোপন খবরের ভিত্তিতে সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালিয়ে উদ্ধার হল নেশাজাতীয় সিরাপ।
আর সেই খবরের ভিত্তিতেই সোনামুড়ায় বড়সড় অভিযান। সোনামুড়া থানা এবং ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের যৌথ উদ্যোগে সোনামুড়া থানার অন্তর্গত ইউএনসি নগরের ২ নম্বর ওয়ার্ডে, ইন্দো-বাংলা সীমান্তের কাছে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন পুলিশ ও বিএসএফের গাড়ি দেখতে পেয়েই সেখান থেকে পালানোর চেষ্টা করে এক বাইকার। তৎক্ষণাৎ তার পিছু ধাওয়া করে যৌথ বাহিনী। কিন্তু শেষ পর্যন্ত বাইক এবং একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় ২৫টি এসকফ সিরাপের বোতল । একইসঙ্গে গতরাতে সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত বাতাদোলা-বলেরঢেপা সীমান্ত সড়কে চলছিল মোবাইল ডিউটি। সেই সময় সীমান্ত এলাকার জঙ্গলে সন্দেহজনকভাবে লুকিয়ে রাখা অবস্থায় নজরে আসে ৩৪ কেজি গাঁজার মজুত। দুই পৃথক অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ৮০ হাজার টাকা।
সীমান্তে একের পর এক নেশার চালান উদ্ধার হলেও, প্রশ্ন উঠছে—এই কারবারের নেপথ্যে থাকা আসল মাথা কি এবার পুলিশের জালে? তদন্ত এগোলে কি সামনে আসবে বড় কোনও চক্রের নাম?