ত্রিপুরা
img

ভারত ছাড়ো আন্দোলন স্মরণে কংগ্রেসের পদযাত্রা

ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করে বিশেষ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। পতাকা উত্তোলন থেকে শহিদদের শ্রদ্ধা নিবেদন, এরপর গান্ধীঘাট পর্যন্ত পদযাত্রা—একাধিক কর্মসূচিতে উঠে এল স্বাধীনতা সংগ্রামের স্মৃতি। ৯ আগস্ট ১৯৪২। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশজুড়ে জোরদার হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই রবিবার বিশেষ কর্মসূচির আয়োজন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।কংগ্রেস ভবনেরসামনে কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এরপর দলীয় পতাকা এবং বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করেন কংগ্রেস নেতৃত্ব।পরে স্বাধীনতা সংগ্রামের মহান নেতৃত্ব ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। তাঁদের আত্মত্যাগ এবং দেশের স্বাধীনতা অর্জনে অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতা-কর্মীরা।এরপর হাতে জাতীয় পতাকা নিয়ে কংগ্রেস ভবন থেকে পদযাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পৌঁছায় গান্ধীঘাটের শহিদ বেদীতে।সেখানে স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একইসঙ্গে ভারত ছাড়ো আন্দোলনের চেতনা এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শকে সামনে রেখে গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার বার্তাও তুলে ধরেন কংগ্রেস নেতৃত্ব।