
সংরক্ষণ ব্যবস্থায় আর্থিকভাবে দুর্বলদের জন্য আলাদা ‘সাব-কোটা’ তৈরির দাবি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে কেন্দ্র সরকার। আবেদনকারীদের দাবি, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণির মধ্যেই আয়ের ভিত্তিতে একটি নির্দিষ্ট অংশ সংরক্ষিত রাখা হোক। পাশাপাশি এসসি ও এসটি সংরক্ষণেও ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর আবেদন জানানো হয়েছে।তবে এই দাবির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রের বক্তব্য, সংরক্ষণের মূল উদ্দেশ্য সামাজিক বৈষম্য ও ঐতিহাসিক বঞ্চনার শিকার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। শুধুমাত্র আর্থিক অবস্থার ভিত্তিতে সংরক্ষণের কাঠামো পরিবর্তনের সুযোগ সংবিধানে নেই।কেন্দ্র আরও জানিয়েছে, ১৯৯২ সালের ইন্দ্রা সাহানি মামলার রায় অনুযায়ী ‘ক্রিমি লেয়ার’ নীতি শুধুমাত্র ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে প্রযোজ্য। এসসি ও এসটি সংরক্ষণের ক্ষেত্রে এই নীতি কার্যকর নয়।এছাড়াও কেন্দ্রের দাবি, সংরক্ষণ ব্যবস্থায় এ ধরনের বড় পরিবর্তন আনতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন, যার ক্ষমতা শুধুমাত্র সংসদের হাতে। আদালতের নয়।