
উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক ও জনমুখী করতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল জেলা প্রশাসন। নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে শুরু করে পরিষেবা উন্নয়নে বড় ঘোষণা করলেন জেলাশাসক। বুধবার ধর্মনগর জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের হলঘরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন।এসময় উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক হালদার এবং জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. ভাস্কর দাস।জেলাশাসক জানান, হাসপাতালের পরিকাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি রোগীদের আধুনিক ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ধাপে ধাপে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।তিনি আরও জানান, গত ৫ আগস্ট থেকে চালু হওয়া ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউ-তে চিকিৎসাধীন প্রথম রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই ইউনিট বছরের ৩৬৫ দিন, ২৪ ঘণ্টা চালু থাকবে এবং গুরুতর রোগীদের উন্নত চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হাসপাতালের পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও উন্নত পরিষেবা বজায় রাখতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, রোগী এবং সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন জেলাশাসক।