
রাজ্যের বেহাল জাতীয় সড়কের দ্রুত সংস্কার এবং এন এইচ আই ডি সি এলের জবাবদিহির দাবিতে আগরতলায় বিক্ষোভে নামল সিপিআই(এম)। বৃহস্পতিবার আগরতলায় গণবিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিআই(এম)-এর পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি।এন এইচ আই ডি সি এল অফিসের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, দলের নেতা মানিক দে, শংকর প্রসাদ দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যের একাধিক জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।কর্মসূচি থেকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কগুলির সংস্কার কাজ শুরু করার দাবি জানানো হয়।পাশাপাশি জাতীয় সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা NHIDCL-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংস্থার জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানায় সিপিআই(এম) নেতৃত্ব।