
অসমের কাছাড় জেলায় ১৫ বছরের কিশোরীকে নৃশংসভাবে খুনের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি উঠেছে। অসমের কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।অভিযোগ, নিজের বাড়িতেই নাবালিকার উপর চালানো হয় বর্বর নির্যাতন। পরে গুরুতর অবস্থায় উদ্ধার হয় তার রক্তাক্ত দেহ। পরিবারের দাবি, ধর্ষণের পর নির্মমভাবে খুন করা হয়েছে কিশোরীকে।জানা গিয়েছে, পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়েছিল ওই কিশোরী। পরে একটি বিষয় নিয়ে পরিবারের এক সদস্যের সঙ্গে মনোমালিন্য হওয়ায় সে বাড়িতে ফিরে আসে। কিছু সময় পর বাড়ির লোকজন ফিরে এসে দেখতে পান ঘরের ভিতর পড়ে রয়েছে তার নিথর দেহ।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের দাবি, দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এসএসপি জানিয়েছেন, পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্টের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।