দেশ
img

স্টেশনে আগুনে পুড়ল যাত্রীবাহী ট্রেন তিনবগি

ভোররাতের নিস্তব্ধতা ভেঙে আচমকাই দাউ দাউ করে জ্বলে উঠল দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক বগিতে। প্ল্যাটফর্মজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভোর রাত প্রায় ৩টা ২৫ মিনিট। বিহারের সহরসা জেলার সিমরি বখতিয়ারপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে সমস্তিপুর-সহরসা প্যাসেঞ্জার ট্রেন। ট্রেনে তখনও ছিলেন বহু যাত্রী।হঠাৎই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে ইঞ্জিন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরপর তিনটি বগিতে। প্রাণ বাঁচাতে ট্রেন থেকে হুড়োহুড়ি করে নেমে পড়েন যাত্রীরা। বড়সড় প্রাণহানি এড়ানো গেলেও আগুনে পুড়ে যায় তিনটি বগি।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং রেল কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের জেরে সাময়িকভাবে ব্যাহত হয় রেল পরিষেবা। বাতিল করা হয় একাধিক ট্রেন, দেরিতে চলতে থাকে শ্রাবণী মেলার বিশেষ ট্রেনও।কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের আশঙ্কা করা হলেও, ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তাও খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও রেল।