
প্রশ্নফাঁস রুখতে এবার আরও কড়া অবস্থানে কেন্দ্র সরকার। লোকসভায় পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল পাস হওয়ার পর ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় প্রশ্নফাঁস চক্র ও পেপার মাফিয়াদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভায় পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪-এর সংশোধনী বিল পাস হওয়ার পর প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা পেপার মাফিয়াদের আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই রাজ্য ও কেন্দ্র সরকারকে প্রশ্নফাঁসের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই পরীক্ষা ব্যবস্থায় সংস্কার, প্রযুক্তির ব্যবহার এবং কঠোর আইন প্রয়োগের ওপর জোর দিচ্ছে কেন্দ্র।অন্যদিকে, এই বিল নিয়ে লোকসভায় তুমুল বিতর্কও হয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছাত্র আন্দোলন এবং দিল্লিতে প্রতিবাদকারী পড়ুয়াদের প্রতি পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। পরে ধ্বনি ভোটে বিলটি পাস হয় এবং বিরোধী সদস্যরা ওয়াকআউট করেন।এখন বিলটি রাজ্যসভায় পেশ হওয়ার অপেক্ষায়। প্রশ্নফাঁস রোধে নতুন এই আইনি কাঠামো কতটা কার্যকর হবে এবং পরীক্ষা ব্যবস্থায় কতটা পরিবর্তন আনতে পারবে, সেদিকেই নজর দেশজুড়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষা মহলের।