
উদয়পুর পৌর পরিষদের জমাকৃত আবর্জনা ঘিরে চরম দুর্ভোগ। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় দুই বছর ধরে উদয়পুর পৌর পরিষদ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা আবর্জনা চন্দ্রপুর ফুড গুদাম সংলগ্ন এলাকায় জমা করে রাখা হচ্ছে। সেখানে আবর্জনা প্রক্রিয়াজাত করে জৈব সার তৈরির উদ্যোগ নেওয়া হলেও, বর্তমানে সেই জমাকৃত বর্জ্য থেকেই ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। দুর্গন্ধে বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে । শুধু তাই নয়, পাশের ফুড গুদামের শ্রমিকদেরও কাজ করতে হচ্ছে নাক চেপে। দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ চোখে পড়েনি বলে দাবি তাদের। মঙ্গলবার ক্ষুব্ধ এলাকাবাসী ফুড গুদাম এলাকায় জড়ো হয়ে পৌর পরিষদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দ্রুত আবর্জনা অপসারণ এবং স্থায়ী সমাধানের দাবি জানান তারা।