
গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং মহিলাদের স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকারের উদ্যোগ অব্যাহত।মুখ্যমন্ত্রী প্রাণী পালক বিকাশ যোজনার আওতায় খোয়াই আরডি ব্লকের ৩৪৮ জন মহিলা সুবিধাভোগীর মধ্যে পর্যায়ক্রমে মোরগের ছানা বিতরণের উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর।এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার খোয়াই জেলা প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পর্যায়ে ৭৬ জন মহিলা সুবিধাভোগীর হাতে মোরগের ছানা তুলে দেওয়া হয়।দপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ মহিলাদের বিকল্প আয়ের সুযোগ তৈরি করা এবং তাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করে তোলা। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে প্রতিপালনের উপযোগী এই মোরগের ছানা দ্রুত বৃদ্ধি পাওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতেও সহায়ক হবে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উপ-অধিকর্তা সজল দাস সহ অন্যান্য আধিকারিকরা। সুবিধাভোগীদের হাতে ছানা তুলে দেওয়ার পাশাপাশি সঠিক পরিচর্যা ও বিজ্ঞানসম্মত পালনের বিষয়ে দেওয়া হয় বিশেষ পরামর্শ।