
রাজধানীর এমবিবি বিমানবন্দর চত্বরে যাত্রী হেনস্থার অভিযোগে এবার পুলিশের কড়া পদক্ষেপ। যাত্রী বিনীতা ঘোষের অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ দুই অটোচালককে আটক করেছে বলে জানা গেছে।অভিযোগ, বিমানবন্দর থেকে গন্তব্যে যাওয়ার জন্য বিকল্প পরিবহন ব্যবস্থার সাহায্য নেওয়াকে কেন্দ্র করে একদল অটোচালকের সঙ্গে যাত্রী পরিবারের বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। ঘটনায় যাত্রীদের নিরাপত্তা এবং বিমানবন্দর এলাকার পরিবহন ব্যবস্থাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করে।অভিযোগ পাওয়ার পর প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রী বিনীতা ঘোষ। তিনি এই ঘটনায় পরিবহন দপ্তর ও মন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। অন্যদিকে, বিমানবন্দর এলাকায় যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার বা হয়রানি বরদাস্ত করা হবে না বলে প্রশাসনের তরফেও বার্তা দেওয়া হয়েছে।