
দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা-য় বড়সড় সাইবার হামলার অভিযোগ। দাবি করা হচ্ছে, কোটি কোটি গ্রাহকের সংবেদনশীল তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। এই ঘটনায় উদ্বেগ বাড়ছে দেশের ব্যাঙ্কিং নিরাপত্তা নিয়ে। ডার্ক ওয়েবে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাঙ্কের সার্ভার থেকে প্রায় ১ টেরাবাইট তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে হ্যাকাররা। ফাঁস হওয়া তথ্যে গ্রাহকদের নাম, আধার-সংক্রান্ত তথ্য, ঋণের নথি, সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের রেকর্ড, এমনকি নেট ব্যাঙ্কিং সংক্রান্ত তথ্যও থাকতে পারে বলে দাবি করা হয়েছে।সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ শ্রীকান্ত লক্ষ্মণ ফাঁস হওয়া নথির কিছু নমুনা যাচাই করে বিষয়টিকে একটি বড়সড় সাইবার নিরাপত্তা সংকট বলে উল্লেখ করেছেন। তাঁর অনুমান, এর নেপথ্যে থাকতে পারে 'ট্রিপলএক্স' নামে একটি নতুন হ্যাকার গোষ্ঠী। তবে এখনও পর্যন্ত কোনও হ্যাকার দল আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।অন্যদিকে, ব্যাঙ্ক অফ বরোদা কিংবা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি।