দেশ
img

প্রশ্নফাঁস বিতর্কে পাঞ্জাবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার প্রশ্নফাঁস ইস্যুতে উত্তপ্ত পাঞ্জাবের রাজনীতি। বিজেপি ও কংগ্রেস একযোগে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজ্যোৎ সিং বেইনসের পদত্যাগ দাবি করেছে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। প্রশ্নফাঁস বিতর্ক এবার পৌঁছে গেল পাঞ্জাবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর বিজেপি অভিযোগ তুলেছে, পাঞ্জাবে একাধিক সরকারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পিএসইবি দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা, পিএসটিইটি এবং কৃষি উন্নয়ন আধিকারিক নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অভিযোগ তোলে গেরুয়া শিবির।বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি দাবি করেন, নৈতিকতার খাতিরে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজ্যোৎ সিং বেইনসের পদত্যাগ করা উচিত। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, অরবিন্দ কেজরিওয়াল কবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইবেন?এই ইস্যুতে বিজেপির সুরে সুর মিলিয়েছে কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা অভিযোগ করেন, গত চার বছরে রাজ্যে একাধিক প্রশ্নফাঁসের ঘটনায় বহু পড়ুয়ার ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের জবাবদিহি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।তবে বিরোধীদের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান স্পষ্ট জানিয়েছেন, তাঁর সরকারের আমলে কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। যদিও দুটি কেন্দ্রে নকলের চেষ্টা হয়েছিল বলে স্বীকার করে তিনি জানান, মাত্র দশ মিনিটের মধ্যেই প্রশাসন ব্যবস্থা নেয় এবং প্রতারণা চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়।