
দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের। শুধু কঠোর আইন নয়, এবার দেশের পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের লক্ষ্যে গঠন করা হয়েছে হাই-পাওয়ার্ড টাস্ক ফোর্স। এই কমিটির নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে প্রযুক্তিবিদ ও ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানিকে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ, প্রযুক্তিনির্ভর এবং নির্ভুল করতে এই কমিটি কাজ করবে। প্রশ্নপত্র প্রস্তুতি থেকে শুরু করে ডিজিটাল নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্র পরিচালনা, মূল্যায়ন পদ্ধতি এবং নিয়োগ পরীক্ষার পুরো কাঠামো পর্যালোচনা করবে এই টাস্ক ফোর্স।সূত্রের খবর, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, উন্নত ডিজিটাল নজরদারি এবং শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থার ব্যবহারের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, আধার প্রকল্পের অন্যতম রূপকার নন্দন নিলেকানির নেতৃত্বে দেশের পরীক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। এই টাস্ক ফোর্স কি সত্যিই প্রশ্নফাঁসের ইতি টানতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় পরিবর্তন? এখন সেদিকেই নজর দেশের কোটি পরীক্ষার্থীর।