ত্রিপুরা
img

ধর্মনগর থানায় কংগ্রেসের বিক্ষোভ ঘেরাও কর্মসূচি

ধর্মনগরে দুই কংগ্রেস কর্মীর উপর হামলার অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা। রাতেই থানার সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে নামলেন কংগ্রেস নেতা-কর্মীরা। কী অভিযোগ, আর কী বলছে পুলিশ? উত্তরাঞ্চলের ধর্মনগরে দুই কংগ্রেস কর্মীর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে শনিবার গভীর রাতে ধর্মনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকরা।কংগ্রেসের অভিযোগ, চন্দ্রপুর এলাকায় জাকির হোসেন ও সাইদুল ইসলামের উপর হামলা চালানো হয়। এতে দু'জনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বহিরাজ্যে রেফার করা হয়।ঘটনার প্রতিবাদে কংগ্রেস কর্মীরা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ দেখান এবং নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন।পরে পুলিশ দ্রুত তদন্ত ও আইনানুগ পদক্ষেপের আশ্বাস দিলে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি বাড়ানো হয়েছে।