ত্রিপুরা
img

রাস্তার দাবিতে জাতীয় সড়ক অবরোধ কুমারঘাটে

রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে কুমারঘাটে আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ তিন থেকে চার বছর ধরে ভাঙাচোরা রাস্তা ও বেহাল জল নিষ্কাশন ব্যবস্থার কারণে চরম দুর্ভোগে দিন কাটছে। সামান্য বৃষ্টিতেই জল ঢুকে পড়ছে বাড়িঘর ও রান্নাঘরে। দুর্ঘটনাও ঘটছে নিত্যদিন।
বারবার পৌর পরিষদ ও প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা সারদাপল্লী সংলগ্ন জাতীয় সড়কে অবরোধে সামিল হন। এর জেরে সড়কের দু'পাশে আটকে পড়ে অসংখ্য পণ্যবাহী লরি, যাত্রীবাহী বাস এবং ছোট-বড় যানবাহন।আন্দোলনকারী সাধনা দেব অভিযোগ করেন, বালুবোঝাই ভারী যানবাহনের কারণেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। দ্রুত রাস্তা ও ড্রেন সংস্কারের পাশাপাশি ভারী যান চলাচল নিয়ন্ত্রণের দাবিও জানান তিনি
আশ্বাসে আপাতত স্বাভাবিক হয়েছে যান চলাচল। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, নাকি ফের রাস্তায় নামবেন বাসিন্দারা—সেদিকেই এখন নজর কুমারঘাটবাসীর।