বিদেশ
img

বিশ্বকাপে দুর্নীতি? এফবিআইয়ের জেরায় ফুটবলকর্তা

বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের জেরার মুখে আর্জেন্টিনা ফুটবল সংস্থার শীর্ষ কর্তা। তবে ঘটনার ব্যাখ্যা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশ্বকাপ শেষ করে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল আর্জেন্টিনা দল। ঠিক সেই সময়ই বিমানবন্দরে এফবিআইয়ের নজরে আসেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া। সূত্রের দাবি, বিমান ছাড়ার কয়েক মিনিট আগে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে মার্কিন গোয়েন্দা সংস্থা।প্রত্যক্ষদর্শীদের দাবি, তাপিয়ার মোবাইল ফোন সাময়িকভাবে নিয়ে প্রায় ৩০ মিনিট ধরে তাঁকে এবং ফুটবল সংস্থার কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে জেরা করা হয়। অভিযোগ, বিশ্বকাপ চলাকালীন আর্থিক লেনদেন এবং সম্ভাব্য দুর্নীতি নিয়েই এই জিজ্ঞাসাবাদ।তবে এই ঘটনার পরও ক্লদিও তাপিয়া দেশে ফিরতে সক্ষম হন। অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন গোটা ঘটনাকে অস্বীকার করে জানিয়েছে, এফবিআইয়ের আটকের দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।ঘটনার প্রকৃত সত্য কী, তা এখনও স্পষ্ট নয়। তবে বিশ্ব ফুটবলের অন্যতম প্রভাবশালী সংস্থাকে ঘিরে ওঠা এই অভিযোগ ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রীড়ামহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে।