
নিট প্রশ্নফাঁস কাণ্ডে দেশজুড়ে বাড়ছে চাপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া মন্তব্যের পর এবার বড় পদক্ষেপের ইঙ্গিত কেন্দ্রের। কিন্তু প্রশ্ন একটাই—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি থাকছেন, নাকি বাড়ছে জল্পনা? শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন, পড়ুয়াদের প্রতিবাদ এবং বিরোধীদের চাপের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে ‘ঘোর পাপ’ বলে কড়া বার্তা দিয়েছেন। এরপরই নড়েচড়ে বসেছে কেন্দ্র।সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একাধিক বৈঠক করেছেন। প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসা এবং প্রশ্নফাঁসের জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তার বিষয়েও ইতিবাচক ভাবনা চলছে।এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, প্রশ্নফাঁস একটি জাতীয় সমস্যা। তাই দোষারোপের বদলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে কঠোর নীতি তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।তবে সবচেয়ে বড় প্রশ্ন—শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি পদে থাকবেন? সূত্রের দাবি, এই মুহূর্তে তাঁকে সরানোর কোনও পরিকল্পনা নেই। কেন্দ্রের মতে, প্রশ্নফাঁসের দায় সরাসরি শিক্ষামন্ত্রীর নয়। যদিও আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি তাঁর অপসারণ।