
গ্রামীণ স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে তেলিয়ামুড়ায় আশা কর্মীদের হাতে স্মার্ট মোবাইল তুলে দিলেন বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এই উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা আরও দ্রুত ও কার্যকর হবে বলেই আশা প্রশাসনের। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় ডিজিটাল ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে আশা কর্মীদের হাতে স্মার্ট মোবাইল তুলে দেওয়া হয়।এই অনুষ্ঠানে আশা কর্মীদের হাতে স্মার্টফোন তুলে দেন এলাকার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দীপা দেব, ভাইস চেয়ারপার্সন নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া ব্লকের বিডিও বিপ্লব আচার্য-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।আয়োজকদের মতে, এই স্মার্ট মোবাইলের মাধ্যমে আশা কর্মীরা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ, সরকারি প্রকল্পের আপডেট, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবার নজরদারি এবং বিভিন্ন ডিজিটাল পরিষেবা আরও সহজে পরিচালনা করতে পারবেন। এর ফলে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে। এখন দেখার, এই ডিজিটাল উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে কতটা আরও গতিশীল ও কার্যকর করে তুলতে পারে।