
ত্রিপুরার ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বৈঠকে মনশ্রীর বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে তিনি মনশ্রীর বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বশেষ পর্যবেক্ষণের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন।পাশাপাশি, মনশ্রীর পরবর্তী উন্নত চিকিৎসা নির্বিঘ্নে সম্পন্ন করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।বৈঠক শেষে সামাজিক মাধ্যমে বিপ্লব কুমার দেব জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুনেছেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার বিষয় ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।উল্লেখ্য, মনশ্রীর পরিবারের অনুরোধের পর থেকেই বিষয়টি নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন সাংসদ বিপ্লব কুমার দেব।তাঁর উদ্যোগেই এইমসে মনশ্রীর প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়। এছাড়াও দুরারোগ্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শেফালি গালোটির সঙ্গেও তিনি আলোচনা করেন।এদিকে, মনশ্রীর বাবা জীবনরক্ষাকারী ওষুধ সংগ্রহে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়ে আবেদন জানিয়েছেন। একই সঙ্গে ওষুধ প্রস্তুতকারী সংস্থার Compassionate Access Programme-এর আওতায় মানবিক সহায়তা পাওয়ার বিষয়টিও বিবেচনার আবেদন করা হয়েছে।সূত্রের খবর, মনশ্রীর চিকিৎসা দ্রুত এগিয়ে নিয়ে যেতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। মনশ্রীর চিকিৎসা নিয়ে আশার আলো আরও উজ্জ্বল হবে কি? কেন্দ্রীয় সরকারের সহায়তা ও জীবনরক্ষাকারী ওষুধের ব্যবস্থা কত দ্রুত হয়, এখন সেদিকেই তাকিয়ে মনশ্রীর পরিবারসহ গোটা ত্রিপুরা।