
রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ থেকে শুরু করে আইন-শৃঙ্খলা, সোনম ওয়াংচুক ইস্যু, রাস্তার বেহাল দশা এবং সরকারের ভূমিকা—একাধিক বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নির্বাচন কমিশনার নিয়োগে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে প্রদীপ কুমার চক্রবর্তীর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, এই পদে এমন একজনকে বসানো হয়েছে, যাঁকে ঘিরে বিতর্ক রয়েছে।এছাড়াও তিনি অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোনম ওয়াংচুকের আন্দোলন, কেন্দ্রের ভূমিকা, শিক্ষা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রাস্তার বেহাল অবস্থা এবং সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনাতেও সরকারকে তীব্রভাবে আক্রমণ করেন তিনি।পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে জিতেন্দ্র চৌধুরী বলেন, সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে নিরপেক্ষ প্রশাসন অত্যন্ত জরুরি। পাশাপাশি ২০ জুলাই বিভিন্ন দাবিতে রাজ্যজুড়ে কর্মসূচিরও ঘোষণা দেন তিনি। বিরোধী শিবিরের এই ধারাবাহিক আক্রমণের জবাবে শাসকদলের পাল্টা প্রতিক্রিয়া কী? রাজনৈতিক তরজায় এবার কোন নতুন মোড়—সেদিকেই নজর রাজ্যবাসীর।