
উদয়পুরে এক যুবকের উপর পরিকল্পিত হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলেও চারদিন পরও দৃশ্যমান পুলিশি পদক্ষেপ না হওয়ার অভিযোগ তুলেছে আক্রান্তের পরিবার। অভিযোগ, গত ১৪ জুলাই কালীপূজার নিমন্ত্রণে যাওয়ার পথে উত্তরণ সাহার উপর প্রথমে হামলা চালানো হয়। পরে ফুলকুমারীর একটি রেস্তোরাঁয় গিয়ে কয়েকজন মিলে ফের অতর্কিত আক্রমণ করে এবং জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় তাঁকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে পরিবারের দাবি, অভিযোগের চারদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।যদিও এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। অভিযুক্তদের বিরুদ্ধে কবে হবে পদক্ষেপ? তদন্তের পরবর্তী অগ্রগতির দিকেই এখন নজর সকলের।