দেশ
img

পদপিষ্টে প্রাণহানি, থেমে গেল পুরীর রথযাত্রা

পুরীর রথযাত্রায় নজিরবিহীন পরিস্থিতি। ভক্তদের উপচে পড়া ভিড়, পদপিষ্ট হয়ে প্রাণহানি, শতাধিক অসুস্থ। শেষ পর্যন্ত মাসির বাড়ির আগেই থামিয়ে দিতে হলো জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ।
ভক্তদের ঢল, আর সেই ভিড়ই ডেকে আনল মর্মান্তিক বিপর্যয়। পুরীর ঐতিহ্যবাহী রথযাত্রায় পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত দুই ভক্ত। আহত ও অসুস্থ হয়েছেন শতাধিক পুণ্যার্থী।বিপুল জনসমাগম এবং নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার রাত পর্যন্ত অপেক্ষা করেও জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত মন্দির প্রশাসন জানিয়ে দেয়, সেদিনের মতো রথযাত্রা স্থগিত রাখা হচ্ছে।জানা গেছে, রথের দড়ি টানতে এবং প্রভুর দর্শনের আশায় দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে ভিড় জমান। সেই অতিরিক্ত ভিড়ের চাপেই হুড়োহুড়ি শুরু হয়। প্রায় ১২০ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।রথযাত্রায় উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এবং মন্ত্রিসভার একাধিক সদস্য। তাঁরাও রথের রশিতে টান দেন। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে যাত্রা মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়।মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় রথযাত্রা শুরু হবে এবং নিয়ম মেনেই তিনটি রথ গুণ্ডিচা মন্দিরের উদ্দেশে এগিয়ে যাবে।এদিকে, স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, হাসপাতালে ভর্তি অধিকাংশ ভক্ত শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং অতিরিক্ত ভিড়ের চাপে অসুস্থ হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।
ভক্তির আবেগে জনসমুদ্র নেমেছিল পুরীতে। কিন্তু সেই আবেগই পরিণত হলো শোকের ঘটনায়। এখন সবার নজর—শুক্রবার নিরাপদে সম্পূর্ণ হবে তো জগন্নাথদেবের রথযাত্রা?