
কোভিড কি আবারও মাথাচাড়া দিচ্ছে? অন্ধ্রপ্রদেশে মাত্র এক মাসে ১২ জন আক্রান্ত এবং কোমর্বিডিটি থাকা ৪ জনের মৃত্যুর পর নতুন করে উদ্বেগ বাড়ছে। যদিও স্বাস্থ্য দপ্তরের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আবারও কি ফিরছে কোভিডের আতঙ্ক? অন্ধ্রপ্রদেশে ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে মোট ১২ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে কোমর্বিডিটি থাকা চারজন রোগীর মৃত্যু হয়েছে।রাজ্যের স্বাস্থ্য কমিশনার জি. বীরাপান্ডিয়ান জানিয়েছেন, মৃতদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যা-সহ একাধিক জটিল শারীরিক অসুস্থতা ছিল। ফলে করোনা সংক্রমণের সঙ্গে লড়াই তাঁদের জন্য আরও কঠিন হয়ে ওঠে।সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে রাজ্যের প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে ২৬ জুন কাডাপা জেলায়। এরপর ১ জুলাই থেকে ১৬ জুলাইয়ের মধ্যে আরও ১১ জন আক্রান্ত হন। এর মধ্যে কাডাপায় ৮ জন, গুন্টুরে ২ জন এবং বিশাখাপত্তনম ও কাকিনাড়ায় ১ জন করে আক্রান্তের খবর মিলেছে।সংক্রমিতদের সকলকেই বাড়িতে নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্য দপ্তর পরিস্থিতির উপর নজরদারি চালিয়ে যাচ্ছে।এদিকে, জুলাই মাস পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে মোট ৩৩৯ জন করোনা আক্রান্তের তথ্য সামনে এসেছে। সবচেয়ে বেশি আক্রান্ত কেরলে। এরপর রয়েছে কর্নাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, আন্দামান-নিকোবর, দিল্লি এবং রাজস্থান।
কোভিড নিয়ে আতঙ্ক নয়, তবে সতর্কতা জরুরি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও সংক্রমণের এই ছিটেফোঁটা বৃদ্ধি ভবিষ্যতে বড় আকার নেবে কি না—সেই দিকেই এখন নজর স্বাস্থ্য বিশেষজ্ঞদের।