ত্রিপুরা
img

গোমতী হাসপাতালে স্বাস্থ্য সচিবের আকস্মিক পরিদর্শন

গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে বড় উদ্যোগ। মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে এসে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে। পরিদর্শনের সময় তিনি ট্রমা কেয়ার সেন্টার, নবনির্মিত সিসিইউ, সিটি স্ক্যান, রেডিওলজি বিভাগ, ইউএসজি কক্ষ, আইপিএইচএল ল্যাব এবং ব্লাড ব্যাংক ঘুরে দেখেন। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে পরিষেবার বর্তমান পরিস্থিতির খোঁজও নেন।স্বাস্থ্য সচিব জানান, রোগীর চাপ সামাল দিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়-এর উদ্যোগে হাসপাতাল চত্বরে ১০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই নির্মাণকাজ শুরু হবে বলেও জানান তিনি।পরিষেবা আরও উন্নত করতে দ্রুত দুই শিফটে ইউএসজি পরিষেবা চালু, বিকল ডিজিটাল এক্স-রে মেশিন সচল করা এবং প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দ অত্যাধুনিক এমআরআই মেশিন স্থাপনের কথাও জানান স্বাস্থ্য সচিব।এছাড়া চলতি সপ্তাহেই ৬ শয্যাবিশিষ্ট কার্ডিয়াক কেয়ার ইউনিট চালু হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা চালুরও পরিকল্পনার কথা জানানো হয়। পরিকল্পনাগুলি কত দ্রুত বাস্তবায়িত হয়, আর জেলা হাসপাতালের পরিষেবায় কতটা বদল আসে—এখন সেদিকেই নজর গোমতীবাসীর। গোমতী হাসপাতালে উন্নয়নের গতি, নতুন পরিষেবার বড় ঘোষণা