
দুই বছর পেরিয়েও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ। কোটি টাকার প্রকল্প আজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় প্রতিদিন চরম ভোগান্তিতে হাজারো মানুষ। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর সমষ্টির কাশীনাথপুরে অর্ধসমাপ্ত সেতুর কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে কোটি টাকার এই সেতু নির্মাণের কাজ।স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর জাঁকজমকপূর্ণভাবে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর বিধানসভা নির্বাচনের আগে কিছুদিন কাজ চললেও হঠাৎ করেই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর এগোয়নি প্রকল্প।তথ্যফলক অনুযায়ী, চেরাগীবাজার-কটামণি সড়কের ওপর ২০ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়নে বরাদ্দ রয়েছে প্রায় ২ কোটি ১ লক্ষ ৩৮ হাজার টাকা। কাজের দায়িত্বে রয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার এবং সড়ক ও লোক নির্মাণ দপ্তরের পাথারকান্দি ও রামকৃষ্ণনগর টেরিটোরিয়াল রোড ডিভিশন।স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে কাজ শুরু হলেও পরে রহস্যজনকভাবে তা বন্ধ হয়ে যায়। ফলে কাশীনাথপুরসহ আশপাশের প্রায় দশ হাজার মানুষ প্রতিদিন চরম সমস্যার মুখে পড়ছেন। বিশেষ করে পড়ুয়া, কর্মজীবী ও নিত্যযাত্রীদের দুর্ভোগ বেড়েই চলেছে।এলাকাবাসীর দাবি, দ্রুত সেতুর অসমাপ্ত কাজ শেষ করে সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হোক। একইসঙ্গে দীর্ঘদিন কাজ বন্ধ রাখার জন্য দায়ী ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় বিধায়ক, সিও এবং জেলা প্রশাসকের হস্তক্ষেপও দাবি করেছেন তারা। কোটি টাকার সেতু কবে সম্পূর্ণ হবে, আর কবে শেষ হবে মানুষের দুর্ভোগ—এখন সেই উত্তরই খুঁজছে কাশীনাথপুর। দুই বছরেও শেষ নয় সেতু, ক্ষুব্ধ এলাকাবাসীর তীব্র প্রতিবাদ