
দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে এক গৃহবধূর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি। ইতিমধ্যেই থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে।
শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের পাশের সুভাষ কলোনির বাসিন্দা ৩৯ বছর বয়সী শঙ্করী মিত্র দে গত ৬ জুলাই সকাল থেকে নিখোঁজ বলে জানিয়েছে তাঁর পরিবার। স্বামী রঞ্জিৎ দে-র দাবি, পারিবারিক মনোমালিন্যের জেরে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান। অভিযোগ, তিনি নগদ অর্থ, কিছু সোনার গয়না এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে নিয়ে বেরিয়ে যান।পরিবারের দাবি, ঘটনার পর থেকে তাঁদের একমাত্র সন্তান মানসিকভাবে ভেঙে পড়েছে। বিষয়টি নিয়ে শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ নিখোঁজ গৃহবধূর সন্ধানে তদন্ত শুরু করেছে।
নিখোঁজ গৃহবধূর সন্ধান মিলবে কবে? উদ্বিগ্ন পরিবার এখন তাকিয়ে পুলিশি তদন্তের দিকেই।