
শান্তিরবাজার মহকুমাশাসকের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বৈঠককে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, মহকুমায় কর্মরত বহু সাংবাদিককে বাদ দিয়ে মাত্র কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিক মহলের একাংশে ক্ষোভ দেখা দিয়েছে। সম্প্রতি সদ্য দায়িত্বপ্রাপ্ত শান্তিরবাজারের মহকুমাশাসক তরুণ কান্তি সরকার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। প্রশাসনের স্বচ্ছতা, জনসেবা এবং গণমাধ্যমের সহযোগিতা নিয়ে সেখানে আলোচনা হয়।তবে অভিযোগ উঠেছে, মহকুমায় কর্মরত ২০ জনেরও বেশি সাংবাদিক থাকলেও মাত্র চারজনকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। বাকি সাংবাদিকদের কেউই আমন্ত্রণ পাননি বলে দাবি করা হয়েছে।একাংশ সাংবাদিকের বক্তব্য, প্রশাসনের সঙ্গে মতবিনিময়ের বৈঠকে সকল স্বীকৃত ও কর্মরত সাংবাদিককে সমান সুযোগ দেওয়া উচিত। ভবিষ্যতে এ ধরনের বৈঠকে বৈষম্য না করার দাবিও তুলেছেন তাঁরা।এ বিষয়ে দক্ষিণ ত্রিপুরার জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের একাংশ প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে এই অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিতর্কের পর ভবিষ্যতে কি বদলাবে আমন্ত্রণের নিয়ম? নাকি বাড়বে প্রশ্ন—এখন সেদিকেই নজর সাংবাদিক মহলের। বৈষম্যের অভিযোগে সকল সাংবাদিকের সমান আমন্ত্রণের দাবি উঠল জোরালোভাবে