ত্রিপুরা
img

মদের কাউন্টারে তাণ্ডব, পুলিশের বিশেষ অভিযান

তেলিয়ামুড়া বাজারে মদের কাউন্টারকে কেন্দ্র করে গভীর রাতে উত্তেজনা ও সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে করতে হয় মৃদু লাঠিচার্জ। ঘটনায় চার যুবককে আটক করার পাশাপাশি একটি গাড়িও জব্দ করেছে পুলিশ। ঘটনার পর শনিবার বিভিন্ন মদের কাউন্টারে বিশেষ অভিযান চালায় তেলিয়ামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া বাজারে একদল মদ্যপ যুবকের উশৃঙ্খল আচরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে জানা গেছে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করা হয়। চার যুবককে আটক করা হয় এবং *TR01CG0445* নম্বরের একটি মারুতি ইকো গাড়িও জব্দ করা হয়। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।ঘটনার পর শনিবার তেলিয়ামুড়া বাজারের বিভিন্ন মদের কাউন্টারে বিশেষ অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। যদিও অভিযানের খবর পেয়ে কয়েকজন এলাকা ছেড়ে চলে যায় বলে জানা গেছে।তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার জানিয়েছেন, শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। জনশৃঙ্খলা নষ্ট করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। এই অভিযানের পর কি কমবে বাজারে উশৃঙ্খলতা? নাকি আবারও ফিরবে একই চিত্র—এখন সেদিকেই নজর তেলিয়ামুড়াবাসীর।  সংঘর্ষের পর কড়া অভিযানে পুলিশের সতর্কবার্তা, বাড়ল নজরদারি সর্বত্র আজ