ত্রিপুরা
img

জঙ্গলে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার

ঊনকোটি জেলার কৈলাশহরে এক দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। শনিবার সকালে ঊনকোটি জেলার কৈলাশহরের ইরানি থানার অন্তর্গত হিরাছড়া এডিসি ভিলেজ এলাকার একটি জঙ্গল থেকে ১৬ বছরের জুবাইদা বেগমের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।জুবাইদা পূর্ব ইরানি পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার জানায়, শুক্রবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফেরেনি। পরে ইরানি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।শনিবার সকালে এক শ্রমিক রাস্তা থেকে প্রায় ৭০০ মিটার ভিতরে জঙ্গলে গাছের সঙ্গে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং সেটি নিখোঁজ জুবাইদার বলে শনাক্ত করে।এদিকে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার দিন জুবাইদা স্কুলে উপস্থিত হয়নি।পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁদের দাবি, মৃতদেহের পায়ে রক্তের দাগ রয়েছে, যা ঘটনায় নতুন প্রশ্ন তুলেছে।ঘটনাস্থলে পৌঁছান ডিসিএম মতি দেববর্মা। পরে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয়রা পথ অবরোধ করেন। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে। আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? এই মৃত্যুর আসল রহস্য কী—তার উত্তর মিলবে তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টেই। হত্যার অভিযোগ, ময়নাতদন্ত রিপোর্টেই মিলবে মৃত্যুর প্রকৃত রহস্যের উত্তর