
দুর্ঘটনার পর ঘোষিত আর্থিক সহায়তা কি সব আহতের হাতে পৌঁছেছিল? অভিযোগ উঠতেই নড়েচড়ে বসল সংশ্লিষ্টরা। সামাজিক মাধ্যম ও সাংবাদিকদের তৎপরতার পর অবশেষে সহায়তা পেলেন এক আহত মহিলা।
এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া ব্লকের সামনে গত ৩০ জুন বলেরো পিকআপ ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষে চালকসহ একাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হলেও, সেই অর্থ সব আহতের হাতে পৌঁছায়নি বলে অভিযোগ ওঠে।অভিযোগ অনুযায়ী, আহতদের চিকিৎসার জন্য গাড়ির মালিকপক্ষের দেওয়া অর্থের একটি অংশ কুঞ্জবাসী বর্মণ সাহা নামে এক আহত মহিলা যাত্রীর কাছে পৌঁছায়নি। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ পেলে এবং স্থানীয় সাংবাদিকরা খোঁজখবর নিলে ঘটনাটি সামনে আসে।পরে সংবাদমাধ্যমের তৎপরতার পর সংশ্লিষ্টরা আহত মহিলার বাড়িতে গিয়ে তিন হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন বলে জানা যায়। তবে ক্ষতিপূরণের অর্থ বণ্টন নিয়ে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত প্রাপকদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার দাবিও উঠেছে।
প্রশ্ন একটাই—দুর্ঘটনার ক্ষতিপূরণের পুরো অর্থ কি সব প্রকৃত প্রাপকের হাতে পৌঁছাবে? সেই উত্তরই এখন অপেক্ষার।