
টানা বৃষ্টিতে ভাঙনের মুখে এক অসহায় বিধবার বসতঘর। প্রতিটি রাত কাটছে আতঙ্কে। প্রশাসনের কাছে নিরাপদ আশ্রয় ও দ্রুত সহায়তার আবেদন জানালেন সত্যমালা চাকমা।
স্বামীর মৃত্যুর পর দিনমজুরির কাজ করে কোনোমতে সংসার চালালেও এখন মাথা গোঁজার একমাত্র আশ্রয়টিও ভেঙে পড়ার মুখে।স্থানীয়দের দাবি, কয়েকদিনের ভারী বৃষ্টিতে কাঁচা বাড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। গোমতী নদীর খুব কাছেই বাড়িটি হওয়ায় নদীভাঙনের আশঙ্কাও বেড়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আতঙ্কে রয়েছেন পরিবারটি।সত্যমালা চাকমার অভিযোগ, প্রতিটি রাত ভয় আর অনিশ্চয়তার মধ্যে কাটছে। ঘর ভেঙে পড়ার আশঙ্কায় ঠিকমতো ঘুমাতেও পারছেন না তিনি ও তাঁর ছেলে। এখনও পর্যন্ত প্রশাসনের কেউ খোঁজ নিতে আসেননি বলেও দাবি করেন তিনি।এলাকাবাসীর দাবি, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপদ আশ্রয়, জরুরি ত্রাণ এবং স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এখন দেখার, এই অসহায় পরিবারের পাশে প্রশাসন কবে এবং কীভাবে দাঁড়ায়।
একটি ঘর শুধু ইট-কাঠ নয়, একটি পরিবারের নিরাপত্তা। সেই নিরাপত্তা ফিরিয়ে দিতে প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় এখন সকলেই।