
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নারী নির্যাতনের অভিযোগ এবং সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত আমবাসা। বিভিন্ন শ্রেণি-পেশার মহিলাদের অংশগ্রহণে বের হলো বিক্ষোভ মিছিল, অনুষ্ঠিত হলো পথসভা।
দেশ ও রাজ্যে লাগামহীন মূল্যবৃদ্ধি এবং নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে শনিবার আমবাসা শহরে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মহিলাদের অংশগ্রহণে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রতিবাদ মিছিল বের হয়।পরে আমবাসা বাজার এলাকায় অনুষ্ঠিত পথসভায় বক্তারা অভিযোগ করেন, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়েছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের দাবি জানান তাঁরা।পথসভা থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়।এছাড়াও আনন্দনগর ও তেলকাজলা এলাকায় নাবালিকার ওপর নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি জানান আন্দোলনকারীরা।বক্তাদের বক্তব্য, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং নারী নির্যাতনের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
মূল্যবৃদ্ধি ও নারী নিরাপত্তা নিয়ে ওঠা এই দাবিগুলির প্রেক্ষিতে আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হবে? সেই দিকেই এখন নজর সাধারণ মানুষের।