
দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া থানাকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। টিউশনে যাওয়ার পথে এক নাবালিকা নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও, দীর্ঘদিন কেটে যাওয়ার পরও মেয়েকে খুঁজে না পাওয়ার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন অসহায় বাবা। তবে, এই অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য এখনও পাওয়া যায়নি। ঘটনাটি গত ২৩ জুনের। অভিযোগ, বাইখোড়া থানার অধীন স্বদেশনগর এলাকার বাসিন্দা প্রদীপ বণিকের নাবালিকা মেয়ে প্রাইভেট টিউশনে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। ওই দিনই পরিবারের পক্ষ থেকে বাইখোড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।পরিবারের দাবি, দীর্ঘদিন পেরিয়ে গেলেও মেয়ের কোনও সন্ধান মেলেনি। প্রদীপ বণিকের অভিযোগ, তাঁর মেয়েকে বাইখোড়া এসএসবি ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা তপন ভদ্রের ছেলে সম্রাট ভদ্র অপহরণ করেছে। বিষয়টি পুলিশকে জানানো হলেও, তদন্তে কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ পরিবারের।পরিবারের আরও অভিযোগ, বাইখোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিষ্ণুচন্দ্র দাস এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত নাবালিকাকে উদ্ধার এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।এদিকে, এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত বাইখোড়া থানার কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ কী জানায়, এখন সেদিকেই নজর। নাবালিকা কোথায়, কবে মিলবে তার খোঁজ? পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের তদন্ত কোন দিকে এগোয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। অপহরণের অভিযোগ, তদন্তে গাফিলতির দাবি—কোথায় নাবালিকা?