
মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে ফেরার পথে অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে জরুরি পরিষেবার গাড়িকে পথ না দেওয়া। এরপরই উদয়পুরে আটক করা হলো আগরতলার কয়েকজন যুবক।
উদয়পুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আগরতলার চার থেকে পাঁচজন যুবককে আটক করেছে পুলিশ।জানা গেছে, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে সোনামুড়া চৌমুহনী এলাকায় তাঁদের গাড়ির পিছনে থাকা উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের একটি জরুরি পরিষেবার গাড়িকে পথ না দিয়ে ধীরগতিতে গাড়ি চালানো হয় বলে অভিযোগ।বিষয়টি অগ্নিনির্বাপক কর্মীরা রমেশ চৌমুহনীর ট্রাফিক পুলিশকে জানালে গাড়িটি আটকানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের থানায় নিয়ে যায়।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জরুরি পরিষেবার কাজে বাধা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।