
ত্রিপুরার রেল যোগাযোগে আসতে চলেছে বড় পরিবর্তন। বহুদিনের অপেক্ষার পর এবার বন্দে ভারত এক্সপ্রেস চালুর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। আগরতলা রেল স্টেশনে নতুন MEMU ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানালেন, রেল বিদ্যুতায়নের কাজ শেষ হলেই ত্রিপুরা থেকেও ছুটবে দেশের অন্যতম আধুনিক সেমি-হাইস্পিড ট্রেন। ত্রিপুরার মানুষের বহুদিনের স্বপ্ন এবার বাস্তবের পথে। খুব শীঘ্রই রাজ্য থেকে চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস।আগরতলা রেল স্টেশনে আগরতলা-করিমগঞ্জ MEMU ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা জানান, ২০২৬ সালের মধ্যেই চুরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত ২৭১ কিলোমিটার রেলপথের বিদ্যুতায়নের কাজ সম্পূর্ণ হবে। সেই কাজ শেষ হলেই বন্দে ভারত চালুর পথ খুলে যাবে।মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত চালুর প্রস্তাব দিয়েছেন।শুধু বন্দে ভারতই নয়, ত্রিপুরার জন্য ডাবল রেললাইন, জিরানিয়া-বোধজংনগর নতুন রেলপথ এবং জম্মু, পুরী ও গয়া পর্যন্ত নতুন এক্সপ্রেস ট্রেন চালুর দাবিও জানানো হয়েছে।তবে এখনও বন্দে ভারতের নির্দিষ্ট উদ্বোধনের তারিখ বা সময়সূচি ঘোষণা করা হয়নি। রেল বিদ্যুতায়নের কাজ সম্পূর্ণ হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ত্রিপুরার রেল মানচিত্রে কি এবার সত্যিই যুক্ত হতে চলেছে বন্দে ভারত? কবে ঘোষণা হবে দিন-তারিখ, আর কোন রুটে প্রথম ছুটবে এই অত্যাধুনিক ট্রেন? সেই ঘোষণার দিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য।