ত্রিপুরা
img

পুজোর মধ্যেই শুরু বহুল প্রতীক্ষিত সিনেমার যাত্রা

ত্রিপুরার চলচ্চিত্র জগতে নতুন সংযোজন। উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হল এ&কে ভিশন ফিল্মসের নতুন বাংলা সিনেমা ‘পিশাচ’-এর। পুজো, মন্ত্রোচ্চারণ আর শুভ উদ্বোধনের মধ্যেই শুরু হল ছবির আনুষ্ঠানিক যাত্রা। 
আয়োজকদের দাবি, এই চলচ্চিত্র শুধু বিনোদন নয়, সমাজের কাছেও একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।চলচ্চিত্রটির পরিচালক পীযূষ দাস জানান, ‘পিশাচ’ নাম শুনে এটি শুধুই ভৌতিক ছবি মনে হলেও, এর মূল গল্প আবর্তিত হয়েছে এক আবেগঘন বাবা-মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে। পারিবারিক মূল্যবোধ ও মানবিক অনুভূতির বার্তাই এই ছবির মূল আকর্ষণ হবে বলে জানান তিনি।প্রযোজক কুমারশঙ্কর শর্মার প্রযোজনায় নির্মিত এই ছবিতে অভিনয় করছেন ত্রিপুরার একঝাঁক পরিচিত শিল্পী। প্রধান চরিত্রে থাকছেন উত্তম দাস, শংকর বৈদ্য, চিন্ময় রুদ্র পাল, মনিদ্বীপ দাস, সুব্রত চক্রবর্তী, তরুণ শিল্পী অস্মিতা মল্লিক এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা বিশ্বাস। পাশাপাশি এই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করবেন আরও কয়েকজন নতুন শিল্পী।আয়োজকদের আশা, ত্রিপুরার সংস্কৃতি, শিল্প এবং স্থানীয় প্রতিভাকে বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরবে এই চলচ্চিত্র। চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নাম ‘পিশাচ’, কিন্তু গল্পে লুকিয়ে মানবিক এক আবেগ। বড় পর্দায় মুক্তির পর দর্শকদের হৃদয় কতটা জয় করতে পারবে এই ছবি? এখন সেই অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।