
সড়ক দুর্ঘটনা রুখতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতাকেই হাতিয়ার করছে উত্তর ত্রিপুরা পুলিশ। ধর্মনগরে পুলিশ সুপার অভিনাশ রাইয়ের নেতৃত্বে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিলেন এনএসএসের ছাত্র-ছাত্রীরাও।
উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে ট্রাফিক সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচির আয়োজন করে ট্রাফিক বিভাগ। কর্মসূচির নেতৃত্ব দেন উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রাই। উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি ধ্রুবজ্যোতি সিনহা-সহ ট্রাফিক পুলিশের একাধিক আধিকারিক।এই কর্মসূচিতে অংশ নেয় শ্রীভূমি বিদ্যাভবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পথচলতি মানুষ, বাইক আরোহী ও গাড়িচালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।হেলমেট ব্যবহার, সিটবেল্ট বাঁধা এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতন করা হয় সাধারণ মানুষকে। পুলিশের মতে, অধিকাংশ সড়ক দুর্ঘটনার মূল কারণ অসচেতনতা ও ট্রাফিক আইন অমান্য করা।পুলিশ সুপার অভিনাশ রাই বলেন, শুধু আইন প্রয়োগ নয়, দুর্ঘটনা কমাতে জনসচেতনতা গড়ে তোলাও অত্যন্ত জরুরি। ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলেও তিনি আশাবাদী। সচেতনতা বাড়লেই কমবে দুর্ঘটনা—এই বার্তাই তুলে ধরল ধর্মনগরের এই উদ্যোগ। এবার দেখার, সাধারণ মানুষের মধ্যে এই সচেতনতা কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে। পুলিশ-এনএসএসের যৌথ প্রচার, সড়ক দুর্ঘটনা রুখতে সচেতনতার বার্তা