
১৪০০ ছাত্রছাত্রীর জন্য মাত্র একজন ইংরেজির শিক্ষিকা। সেই শিক্ষিকাকেই বদলি করা হয়েছে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ক্লাসরুম ছেড়ে তারা নেমে এসেছে জাতীয় সড়কে। প্রশ্ন উঠছে—শিক্ষক সংকটের সমাধান কবে?
দক্ষিণ ত্রিপুরার বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে শিক্ষক সংকট। প্রায় ১৪০০ ছাত্রছাত্রীর জন্য ইংরেজি বিষয়ের ছিলেন মাত্র একজন শিক্ষিকা—তানিয়া সাহা। সম্প্রতি তাঁর বদলির নির্দেশ জারি হতেই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা।সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের সামনে জড়ো হয় ছাত্রছাত্রীরা। পরে তারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, নতুন ইংরেজি শিক্ষকের ব্যবস্থা না করে বর্তমান শিক্ষিকাকে বদলি করা হলে পড়াশোনার মারাত্মক ক্ষতি হবে।বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়।
একজন শিক্ষিকার বদলিকে ঘিরে সামনে এসেছে শিক্ষক সংকটের বড় ছবি। এখন প্রশ্ন, ১৪০০ ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা ভেবে কি দ্রুত নতুন ইংরেজি শিক্ষকের নিয়োগ হবে, নাকি আন্দোলন আরও তীব্র হবে? এখন সেদিকেই নজর।